সংখ্যালঘুদের ঘিরে অধিকাংশ ঘটনাই সাধারণ অপরাধের আওতাভুক্ত

এক বছরে ৬৪৫টির মধ্যে ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় : প্রেস উইং

Printed Edition

বিশেষ সংবাদদাতা

গত বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ঘিরে সংঘটিত বেশির ভাগ ঘটনাই ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক সংক্রান্ত নয়, বরং সাধারণ অপরাধের আওতাভুক্ত বলে পুলিশের এক পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সাথে সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে। বিপরীতে, ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে চিহ্নিত করেছে পুলিশ। অর্থাৎ, সংখ্যালঘুদের ঘিরে সংঘটিত বেশির ভাগ ঘটনাই ধর্মীয় বিদ্বেষ নয়, বরং সাধারণ অপরাধের আওতাভুক্ত।

পুলিশ সদর দফতরের প্রস্তুত করা এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার নীতিতে অটল রয়েছে সরকার।

সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক ঘটনার বিভাজন : পর্যালোচনায় দেখা যায়, মোট ৬৪৫টি ঘটনার মধ্যে ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে এবং ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়িত হয়েছে।

সাম্প্রদায়িক উপাদানযুক্ত ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা রয়েছে। এসব ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে সীমিত হলেও সামাজিক সংবেদনশীলতার কারণে এগুলো বিশেষ গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে।

অন্য দিকে, সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে প্রভাবিত করা বেশির ভাগ ঘটনা ধর্মীয় পরিচয়ের সাথে সংশ্লিষ্ট নয়। এসব ঘটনার মধ্যে রয়েছে, প্রতিবেশীর সাথে বিরোধ, জমিসংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা, অস্বাভাবিক মৃত্যু এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত অপরাধ। অর্থাৎ এসব অপরাধ সমাজের অন্যান্য শ্রেণী ও সম্প্রদায়কেও যে ধরনের ঝুঁকির মুখে ফেলে, সংখ্যালঘু সম্প্রদায়ও সেই একই বাস্তবতার অংশ।

এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক শ্রেণীবিন্যাস ভ্রান্ত তথ্য ও অতিরঞ্জিত বর্ণনা প্রতিরোধে সহায়ক এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্যভিত্তিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্ষম করে।

পুলিশি তৎপরতা ও আইন প্রয়োগ : প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকার চিত্রও উঠে এসেছে। কয়েক শ ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা রুজু হয়েছে, উল্লেখযোগ্যসংখ্যক ঘটনায় গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং অন্যান্য ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। বিশেষত ধর্মীয় উপাসনালয় বা সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল উপাদান জড়িত ঘটনাগুলোতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখার প্রাতিষ্ঠানিক অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

সামগ্রিক আইনশৃঙ্খলা প্রেক্ষাপট : জাতীয় পর্যায়ে বাংলাদেশ এখনো উল্লেখযোগ্য আইনশৃঙ্খলা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতি বছর সারা দেশে সহিংস অপরাধে গড়ে প্রায় ৩,৫০০ জনের প্রাণহানি ঘটে, যা কোনোভাবেই সন্তোষজনক নয়। প্রতিটি প্রাণহানি একটি মানবিক ট্র্যাজেডি এবং এই বাস্তবতায় আত্মতুষ্টির সুযোগ নেই।

তবে একই সাথে এই পরিসংখ্যানকে প্রাসঙ্গিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা প্রয়োজন। সহিংস অপরাধ ধর্ম, জাতিগত পরিচয় বা ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজের সব স্তর ও সম্প্রদায়কেই প্রভাবিত করে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্যমান সূচকগুলো নির্দেশ করে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে হলেও উন্নতির পথে। আধুনিক পুলিশিং ব্যবস্থা, গোয়েন্দা তথ্যের সমন্বয়, দ্রুত সাড়া প্রদান এবং জবাবদিহিতা বৃদ্ধির ফলে অর্থপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ আরো কমিয়ে আনা এবং আইনের আওতায় সবার জন্য সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় দায় : বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা বিশ্বাসের মানুষের দেশ, যেখানে সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি একটি নৈতিক কর্তব্যও বটে। উপাসনালয়ের সুরক্ষা, উসকানি প্রতিরোধ, অপরাধের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গুজব থেকে সত্যকে পৃথক করা, এসবই সামাজিক সম্প্রীতি রক্ষার অপরিহার্য উপাদান।

এই প্রতিবেদনটি স্বচ্ছতা ও জবাবদিহিতার উদ্দেশ্যে প্রণীত। এতে চ্যালেঞ্জ অস্বীকার করা হয়নি, আবার পরিস্থিতিকে অতিরিক্ত স্বস্তিদায়ক বলেও উপস্থাপন করা হয়নি। বরং এটি বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করা অপরাধপ্রবণতার একটি বাস্তব ও প্রমাণভিত্তিক চিত্র তুলে ধরে। দায়িত্বশীল প্রতিবেদন, গঠনমূলক পর্যালোচনা এবং ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সংস্কার এই তিনের সমন্বয়েই আইনশৃঙ্খলার টেকসই উন্নয়ন সম্ভব।

সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সম্পর্কিত ঘটনা : মোট ঘটনা : ৬৪৫; সাম্প্রদায়িক উপাদানযুক্ত ঘটনা : ৭১; মন্দির ভাঙচুর : ৩৮; মন্দিরে চুরি : ০১; হত্যাকাণ্ড : ০১; মন্দিরে অগ্নিসংযোগ : ০৮; অন্যান্য : ২৩।

পুলিশি ব্যবস্থা : মামলা দায়ের : ৫০; গ্রেফতার : ৫০; অন্যান্য পুলিশি ব্যবস্থা : ২১।

সাম্প্রদায়িক উপাদান নেই এমন ঘটনা : ৫৭৪ : প্রতিবেশী বিরোধ : ৫১; জমিসংক্রান্ত বিরোধ : ২৩; চুরি : ১০৬; পূর্বশত্রুতা : ২৬।

অস্বাভাবিক মৃত্যু : ১৭২ : ধর্ষণ : ৫৮; অন্যান্য : ১৩৮।

মামলা দায়ের : ৩৯০; ইউডি মামলা : ১৫৪; গ্রেফতার : ৪৯৮।

অন্যান্য পুলিশি ব্যবস্থা : ৩০ (অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ইত্যাদি)।