রয়টার্স
ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে দেশটির ক্ষমতার অংশীদার করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন, কিন্তু মাচাদো কোন পদে বা কী ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে কিছু বলেননি।
মাচাদোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা তার সাথে কথা বলছি আর হয়তো তাকে কোনোভাবে যুক্ত করতে পারব। আমি এটি করতে পারলে খুশি হবো; মারিয়া, সম্ভবত আমরা এটা করতে পারব।’ গত বছরের শান্তিতে নোবেল বিজয়ী মাচাদো গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পের সাথে দেখা করে তার পদকটি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন।
চলটি মাসের প্রথমদিকে ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর ভেনিজুয়েলাকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে মাচাদোর সক্ষমতা তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউজে করা মন্তব্যে তার ওই সুর পাল্টে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
ভেনিজুয়েলায় ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ৭০ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছিল মাচাদোর রাজনৈতিক দল। ট্রাম্প সাংবাদিকদের জানান, তার প্রশাসন ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সাথে কাজ করছে। তিনি বলেন, ‘আমি ভেনিজুয়েলার তীব্র বিরোধী ছিলাম। কিন্তু এখন আমি ভেনিজুয়েলাকে ভালোবাসছি। তারা আমাদের সাথে এত ভালোভাবে কাজ করছে। এটা খুব সুন্দর হয়েছে।’



