বেলকুচিতে উন্নয়ন তহবিলের অনুদান বিতরণ

Printed Edition
বেলকুচিতে গাছের চারা হাতে তুলে দিচ্ছেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান : নয়া দিগন্ত
বেলকুচিতে গাছের চারা হাতে তুলে দিচ্ছেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন সেবামূলকসামগ্রী, আর্থিক অনুদান ও গাছের চারা সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলিম)।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য মোট ৫০ লাখ টাকার অনুদান, স্পিকারের পক্ষ থেকে ৬১ জনকে এক লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০ জন অসহায়, অসুস্থ ও দুঃস্থ ব্যক্তিকে ২০ হাজার টাকার চেক এবং নিহত ও অসহায় ২০টি পরিবারকে নগদ সহায়তা দেয়া হয়।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানেও ৬০ মেট্রিক টন চাল, ছয়টি সোলার প্যানেল, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুলব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের জন্য ছয়টি ভ্যানসহ দোকান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫০ জোড়া বেঞ্চ, ১২০টি সিলিং ফ্যান এবং ২০টি হুইলচেয়ারসহ বিভিন্ন ইউনিয়নে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫০টি নলকূপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্যসচিব বনি আমিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।