সব বাংলাদেশীরই নিরাপদ বোধ করা প্রয়োজন : জাতিসঙ্ঘ

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশ বা বিশ্বের অন্য যেকোনো দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, এমন সবারই নিরাপদ বোধ করা দরকার। সব বাংলাদেশীরই নিরাপদ বোধ করা প্রয়োজন।

নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে গত মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের কোনো প্রতিক্রিয়া আছে কি? বিশেষ করে কিছুদিন আগে একজন হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা সম্পর্কে?

জবাবে ডুজারিক বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ বা বিশ্বের অন্য যেকোনো দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, এমন সবারই নিরাপদ বোধ করা দরকার। সব বাংলাদেশীরই নিরাপদ বোধ করা প্রয়োজন। প্রত্যেক বাংলাদেশীকে নিরাপদ রাখতে অন্তর্বর্তী সরকার সম্ভব সব কিছু করবে বলে আমরা আস্থা রাখি।

গত ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে তার মরদেহ গাছি ঝুলিয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে দিপুর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো সত্যতা পায়নি পুলিশ। তবে যে পোশাক কারখানায় দিপু কাজ করতেন সেখানে সহকর্মীদের সাথে দ্বন্দ্বের কারণে তিনি হত্যার শিকার হতে পারেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। এ ঘটনার সাথে সরাসরি জড়িত ১২ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।