ধনবাড়ীতে অপারেশনকালে ইঞ্জেকশনে শিশুর মৃত্যু

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইঞ্জেকশন দেয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা। ঘটনার পর হাসপাতালটি বন্ধ পাওয়া গেছে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য চাদনীকে ভর্তি করা হয়। চাদনী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির সময় শিশুটিকে একটি ইঞ্জেকশন দেয়ার পর সে অচেতন হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে নেয়া প্রয়োজন। তবে রাত ৯টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদি বলেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সাথে চুক্তি হয়েছিল। অপারেশন থিয়েটারে নেয়ার কিছুক্ষণ পর তাদের জানানো হয়, শিশুটিকে অন্যত্র নিতে হবে। পরে তারা জানতে পারেন, শিশুটি মারা গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে হাসপাতালের জানালার কাচ ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সেখানে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিকভাবে আল মদিনা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেয়াও সম্ভব হয়নি।

ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, শিশুটির লাশ পুলিশ হেফাজতে আছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।