নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে এক ব্যবসায়ীসহ ৯ জন নিহত হয়েছেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (৪২) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার গুরুতর আহত হন। স্থানীয় জনগণ দ্রুত তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, রাতে একটি মোটরসাইকেলে করে বিজয় বিশ্বাস ও সরোজ ভট্টাচার্য বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস নিহত হন ও আরোহী সরোজ ভট্টাচার্য মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে একটি সিএনজি অটোরিকশা ও একটি মিশুককে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিমপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। ট্রাকের নিচে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে একজনের লাশ উদ্ধার করেছি। পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ও আহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অহত হয়েছেন মোটরসাইকেল চালক।
নিহত মাছ ব্যবসায়ীর নাম মো: আব্দুল আলিম (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসার মো: রেজাউল ইসলামের ছেলে। আহত আক্তার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল আলিম তার ব্যবসায়িক পার্টনার আক্তার হোসেনকে নিয়ে শ্যামনগর থেকে মোটরসাইকেলে কলারোয়ায় বাড়ির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে ট্রাকের ঢাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুল আলিম।
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ধনবাড়ীর বলদী আটা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে।
থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পরে সুমন নামের এক যাত্রী নিহত হন।
নিহত যাত্রী জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া টেকী শেখবাড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (২৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়কের পাশে মাইক্রোবাসের ধাক্কায় ফজলুল কাদের (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ৯ নভেম্বর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল কাদের কক্সবাজারের চকরিয়া উপজেলার তরজঘাটা এলাকার মরহুম বাচা মিয়ার ছেলে।
পটিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, আসর নামাজ পড়ার জন্য গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। তাকে প্রথমে পটিয়া ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



