ছাতক পৌরসভায় সচিব নেই দুই বছর, সেবা পাচ্ছেন না নাগরিকরা

Printed Edition

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতক এ গ্রেড পৌরসভায় দুই বছরেরও বেশি সময় ধরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবের দায়িত্ব পালন করছেন অন্য একটি পৌরসভায় কর্মরত সচিব। একই কর্মকর্তা একদিকে নিজ কর্মস্থলের দায়িত্ব পালন করছেন, অন্য দিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাতক পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করায় বিভিন্ন ক্ষেত্রে কাজের গতি কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পৌরসভার সেবাগ্রহীতা ও স্থানীয় নাগরিকরা। নাগরিকদের অভিযোগ, বর্তমানে পৌরসভার অধিকাংশ কার্যক্রমই ধীরে ধীরে অনলাইননির্ভর হচ্ছে।

জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিংসংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন প্রত্যয়নপত্র, নথি অনুমোদনসহ নানা নাগরিক সেবা দ্রুততার সাথে সম্পন্ন করতে প্রয়োজন নিয়মিত প্রশাসনিক তদারকি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি। এ বিষয়ে ছাতক পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব শরদিন্দু রায় বলেন, আমি ২০২৪ সালের জুন মাসে ছাতক পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে যোগদান করি। আমার বর্তমান কর্মস্থল কানাইঘাট পৌরসভা। এর আগে কুলাউড়া পৌরসভায় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি।

বর্তমানে ছাতক পৌরসভায় সপ্তাহে কোনো কোনো সময় দুই দিন এবং কোনো কোনো সপ্তাহে তিন দিনও অফিস করি। দেশের অনেক পৌরসভাতেই বর্তমানে সচিব নেই। এ ব্যাপারে ছাতক পৌর প্রশাসক মো: মহি উদ্দিন বলনে, এখন পর্যন্ত পৌরসভার নাগরকি সেবা নিয়ে কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগ আমার কাছে আসনি। দেশের অনেক পৌরসভাতেই বর্তমানে সচিবের পদ শূন্য রয়েছে। তারপরও নাগরিকদের সেবা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টো করে যাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করেন।