নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি দোকানে ২৫০ ভরি সোনা ও রুপা চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৭৮ লাখ ৭১ হাজার ১০০ টাকা। বুধবার রাতে এই ঘটনা ঘটে।
দোকান মালিক বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। তার দাবি, দোকান থেকে ১০০ ভরি সোনা, নগদ এক লাখ ৪০ হাজার টাকা লুট ও ১৫০ ভরি রুপা নিয়ে গেছে চোর। চুরির সময় দোকানে থাকা সিসি ক্যামেরা ফুটেজও নিয়ে যায় চোর।
পুলিশ জানায়, গোড়ান টেম্পোস্ট্যান্ড এলাকার একটি ভবনের নিচতলায় দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে দোকানের মালিকপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, চুরি হওয়া অলঙ্কারের সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো কোনো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। তবে আশপাশের স্থাপনার ক্যামেরা ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।



