ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি অপচেষ্টার নিন্দা আট দেশের

Printed Edition

আনাদোলু ও আলজাজিরা

গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরাইলের দুই শীর্ষ মন্ত্রীর বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। যৌথ অবস্থান তুলে ধরে পাকিস্তান, মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্দান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা যেকোনো অজুহাতে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

গতকাল রোববার পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই কঠোর কূটনৈতিক অবস্থানের কথা নিশ্চিত করা হয়। ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর প্রকাশ্য বক্তব্যের পর এই যৌথ প্রতিবাদ জানানো হলো। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রস্তাব বা উসকানিমূলক পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এসব বক্তব্য ফিলিস্তিনি জনগণের বৈধ, ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সরাসরি হুমকি তৈরি করছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যখন চরম সংবেদনশীল, তখন এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পরিকল্পনা আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি ধূলিসাৎ করবে বলে সতর্ক করেছে এই আট দেশ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বেআইনি পদক্ষেপ রুখতে এবং আন্তর্জাতিক আইন অক্ষুণœ রাখতে সক্রিয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত ও ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত শান্তি চুক্তির কথা উল্লেখ করে আট দেশের মন্ত্রীরা এই বিবৃতিতে বলেন, ‘এই ধরনের পদক্ষেপ শান্তি অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। বিশেষ করে গাজার সংঘাত অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং যেখানে জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র বিরোধিতা করা হয়েছে, এটি তার পরিপন্থী।’ গত বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে; কিন্তু গন্তব্য স্থানের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় আছে। তার পরদিন, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে এবং পরবর্তী ছয় বছরে বাকি প্রায় ২০ লাখ বাসিন্দাকে বিতাড়িত করা। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের একজন কট্টর সমর্থক। তিনি শুক্রবার গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।