উলিপুরে ৪৯ মেধাবী শিক্ষার্থীর হাতে ‘ফুল’ শিক্ষাবৃত্তি প্রদান

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৯ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ‘ফুল শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও এককালীন বৃত্তির অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার চারটি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ৩১ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’-এর পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উলিপুর-কুড়িগ্রাম অ্যাকাডেমি রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শফিকুল ইসলাম, উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার এবং উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল।

বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সাথে শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের আরো বেশি এগিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, উলিপুর উপজেলায় প্রথমবারের মতো এ শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে। আগামী বছরগুলোতেও মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিতভাবে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে।