দ্য নিউ ইয়র্ক টাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পের শত শত কোটি (বিলিয়ন) ডলারের সরকারি অর্থায়ন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি আদালতে জমা দেয়া এক আনুষ্ঠানিক নথিতে মার্কিন জ্বালানি বিভাগ এ বিষয়ে সরাসরি স্বীকারোক্তি দিয়েছে।
অনুদান বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মামলা দায়ের করলে এই তথ্য সামনে আসে। জ্বালানি বিভাগ আদালতে স্বীকার করে, কোনো কাজের মূল্যায়ন বা বাজেট কাটছাঁটের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়নি; বরং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হওয়া এবং যেসব অঙ্গরাজ্যে দুজন সিনেটরই ডেমোক্র্যাট দলের- কেবল সেই ব্লু স্টেট বা ডেমোক্র্যাট-শাসিত এলাকার ২৮৪টি প্রকল্পের অনুদান বন্ধ করা হয়েছে। বিপরীতে, রিপাবলিকান-শাসিত রাজ্যগুলোর বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়।
এই ঘটনার কঠোর সমালোচনা করে সিনেট মাইনোরিটি লিডার ডেমোক্র্যাট সদস্য চাক শুমার জানান, সাবেক প্রেসিডেন্ট কেবল রাজনৈতিক প্রতিশোধ নিতেই সাধারণ খেটে খাওয়া পরিবারগুলোকে চরম শাস্তির মুখে ঠেলে দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস সদস্য জেমি রাস্কিন এই বৈষম্যমূলক পদক্ষেপকে অসাংবিধানিক ও প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে মন্তব্য করেন, ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে কেবল ডেমোক্র্যাট-শাসিত রাজ্যগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কংগ্রেসের বাজেট কমিটির সিনিয়র সদস্যরাও এক যৌথ বিবৃতিতে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সংস্থাকে প্রতিশোধের হাতিয়ার বানানো এবং কর্মসংস্থান নষ্ট করা সম্পূর্ণরূপে আমেরিকার মূল চেতনার পরিপন্থী।



