নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মূল ভবন থেকে কুতুবপুর ইউপির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার; একই সাথে সমান দূরত্ব ফতুল্লা, কাশিপুর ও এনায়েত নগর ইউনিয়নের বছরের পর বছর এসব ইউনিয়নের নেই কোনো উন্নয়ন। বর্ষা এলে পানিতে ডুবে, বছরের বাকি সময় বাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী এমন সমস্যাগ্রস্ত ইউপিগুলোকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়ছে। আগামী ৩০ দিনের মধ্যে স্থানীয়দের কাছ থেকে পরামর্শ বা আপত্তি আহ্বান করে মঙ্গলবার প্রজ্ঞাপন দিয়েছে জেলা প্রশাসক।
স্থানীয়দের অভিযোগ, এসব ইউনিয়ন সিটি কপোরশেনের যুক্ত হলে শুধু জমির দাম বাড়বে, মানুষ কাক্সিক্ষত সেবা পাবে না। তারা বলছেন, বিগত দিনে সিটি করপোরেশনের সাথে যেসব ইউনিয়ন যুক্ত হয়েছে তারা বরাবরই সেবা থেকে বঞ্চিত। বরং আগে যেখানে জমির দাম ছিল কাঠাপ্রতি তিন লাখ টাকা সেটা হয়েছে এখন ২০ লাখ টাকা। জমির দালাল এবং এক শ্রেণীর মালিক ইউপিগুলোকে সিটির সাথে যুক্ত করার জন্য বেশি তোড়জোড় করছে।
সূত্র জানায়, বিএনপি সরকার ক্ষমতায় এসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর আগে মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত খানকে নাসিক প্রশাসক নিয়োগ দেয়। সদর উপজেলার চারটি ইউনিয়ন তথা কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের এলাকাগুলো সিটিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ দিকে গতকাল এ চার ইউনিয়নকে সিটিতে যুক্ত করতে বাসিন্দাদের কাছে পরামর্শ ও আপত্তি থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির।



