নিজস্ব প্রতিবেদক
গণভোটের গণরায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সব গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য।
গতকাল মঙ্গলবার বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা অংশ নেন।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সঙ্কট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সঙ্কট বাংলাদেশের রাজনীতিকে সঙ্ঘাতের দিকে নিয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, স্পিকারকে আমরা বলেছি- দেশের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং মাননীয় বিরোধীদলীয় নেতা উভয়কে সাথে নিয়ে গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ ভাগ জনগণের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি নিরপেক্ষ- তবুও তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আমাদের জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আশা করছি সরকার স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট চালাবেন, জনগণ এটা মানবে না। ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটাও বাংলাদেশ হতে দেবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরো একটি জুলাই বিপ্লব হবে, তারপরও আমরা রাজপথ ছাড়ব না।
তিনি আরো বলেন, বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। যদি বিচার না করেন- তাহলে জনগণ আপনাদের বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসে আছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই- সরকারের উদ্দেশে বলেন হামিদুর রহমান আযাদ।
মানববন্ধনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো: সেলিম উদ্দিন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম-আহবায়ক প্রফেসর ডা: আবদুল ওহাব মিনার, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন, ডেভেলপমেন্ট পার্টির দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাগপার ঢাকা মহানগরীর সভাপতি আসাদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দীন মোল্লাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।



