বিনোদন প্রতিবেদক
বলিউড সুপারস্টার গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন আবারো আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা তার বৈবাহিক জীবনের পাওয়া-না পাওয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, গোবিন্দ একজন আদর্শ ছেলে ও ভাই হলেও স্বামী হিসেবে তিনি যেমনটি চেয়েছিলেন, তেমনটি পাননি। সুনিতা বলেন, তিনি ঘুরতে, পার্টি করতে বা ডিনারে যেতে পছন্দ করেন। কিন্তু গোবিন্দ সারা জীবন পরিবারের দায়িত্ব পালনেই এত ব্যস্ত ছিলেন যে, নিজের জন্য বাঁচার সুযোগ পাননি।
সুনিতা আক্ষেপ করে বলেন, ৬০ বছর বয়স হয়ে গেল; কিন্তু ও নিজের জন্য কিছুই দেখেনি। তাই আমি বলি, আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়। তবে ৪০ বছরের এই সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা তিনি ভাবতেও পারেন না বলে জানান। নব্বইয়ের দশকে গোবিন্দের পরকীয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সুনিতা জানান, সে সময় নায়ক-নায়িকাদের নিয়ে এমন কথা শোনাটা স্বাভাবিক ছিল। তবে স্বামীর ওপর ভরসা থাকলে এসব কানকথা পাত্তা দেয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। অন্যদিকে, স্ত্রী সুনিতার তোলা নানা অভিযোগ এবং সম্পর্কের টানাপড়েন নিয়ে মুখ খুলেছেন গোবিন্দও। এক সাক্ষাৎকারে এই অভিনেতা দাবি করেন, তার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র চলছে। গোবিন্দ বলেন, আমি চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল মনে করে। আমার মনে হচ্ছে, আমার পরিবারের লোকদেরকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ১৯৮৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন গোবিন্দ ও সুনিতা। তাদের দুই সন্তান রয়েছে মেয়ে টিনা ও ছেলে ইয়াশবর্ধন। টিনা ইতোমধ্যে বলিউডে পা রেখেছেন এবং ইয়াশবর্ধনও খুব শিগগিরই অভিনয় শুরু করতে যাচ্ছেন। পারিবারিক এই জটিলতা সত্ত্বেও দুই তারকাই এখন সন্তানদের ক্যারিয়ারের দিকে নজর দিচ্ছেন।



