উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মানবপাচার ও ঝুঁকিপূর্ণ অভিবাসন ঠেকাতে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সংঘবদ্ধ মানবপাচার চক্রের হোতাদের চিহ্নিত করা এবং সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
মানবপাচার, অভিবাসী চোরাচালান ও সমুদ্রপথে অনিয়মিত অভিবাসন বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে আয়োজিত এক কর্মশালায় একথা উঠে আসে। গতকাল রোববার টেকনাফের একটি সম্মেলনকক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এবং অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উখিয়া ও টেকনাফের ৪২ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেন, মানবপাচার ও মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতা মানুষকে সচেতন করে এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখতে সহায়তা করে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোমেনা আক্তার বলেন, মানবপাচার কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য লাভজনক নয়। পাচারের অর্থ অপরাধী চক্রকে শক্তিশালী করে এবং তা মাদকসহ বিভিন্ন ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়। তিনি বলেন, এই অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।



