নিজস্ব প্রতিবেদক
মেডিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কার্ডিয়াক এমআরআই, অ্যান্ডোমায়োকার্ডিয়াল বায়োপসিসহ হৃদরোগের আরো অনেক বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে আগামী রোববার থেকে দুই দিনের আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। সম্মেলনে কার্ডিওলজির ওপর বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হার্ট ফেইলিউর বিভাগ একটি অ্যাডভান্স প্রশিক্ষণের আয়োজন করছে। সম্মেলন শেষ হবে সোমবার। এতে অতিথি হিসেবে থাকবেন মহিলা শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কার্ডিওলজিস্টরা বলছেন, বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠানের পর ঢাকা হতে যাচ্ছে কার্ডিয়াক ইনোভেশনের এপিসেন্টার বা কেন্দ্র। আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্সে বিপুলসংখ্যক কার্ডিওলজিস্ট হৃদরোগের আরো অ্যাডভান্সড ও সূক্ষ্ম চিকিৎসা দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন বিএমইউর কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ডি এম এম ফারুক ওসমানী। তিনি বলেন, এ ধরনের সম্মেলন বাংলাদেশে এটাই প্রথম। সম্মেলনের দ্বিতীয় দিনে এইচএফআরএইএফ, এইচএফপিইএফ, ডিভাইস থেরাপি, কার্ডিয়াক ইমেজিং, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর, কার্ডিয়াক সার্জারি এবং এর সাথে ইন্টারঅ্যাক্টিভ প্যানেল ডিসকাশন এবং কেস প্রেজেন্টেশন থাকবে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির প্রখ্যাত কার্ডিওলজিস্টরা ছাড়াও দেশ-বিদেশের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ও কার্ডিওলজিস্টরা এতে উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিদেশ থেকে আসবেন যুক্তরাজ্যের কিংস হাসপাতালের প্রফেসর এ টেরেসা, রয়্যাল পে-ওয়ার্থ হাসপাতালের প্রফেসর স্টিভেন পেটিট, সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটির কার্ডিওলজির প্রধান এবং ক্লিনিক্যাল ডিরেক্টর প্রফেসর ফ্র্যাঙ্ক রুখিৎসা, জুরিখের সিএমআর সেন্টারের প্রধান প্রফেসর রবার্ট মানকা, মালয়েশিয়ার মালে ইউনিভার্সিটির প্রফেসর চি কক হান, মেডিক্যাল এআই বিশেষজ্ঞ ড. সুথান কাবেরি।



