চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ দিনে পানিতে ডুবে চুয়েটের তিন ছাত্রের মৃত্যু হলো।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স ও শান্ত দেব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে তারা গোসল করতে নামেন। দুজনে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝ অংশে গিয়ে ডুবে যায়। পুকুর থেকে ২০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় অর্ণবকে। পরে প্রায় ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় শান্তকে।
চুয়েটের কর্মকর্তা রাশেদ পারভেজ বলেন, তারা সাঁতার জানত না। তাও তারা কাউকে কিছু না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
গত ২৮ জুলাই চুয়েটের একই পুকুরে ডুবে অর্নব সাহা নামে অপর এক শিক্ষার্থী মারা যায়। ১৫ দিনের ব্যবধানে ৩ মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চুয়েটে শোকের ছায়া নেমে এসেছে।


