সংসদ নির্বাচনের চেয়েও কঠিন হবে স্থানীয় নির্বাচন : শহীদ উদ্দীন এ্যানী

Printed Edition
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল লক্ষ্মীপুরে বক্তব্য রাখেন
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল লক্ষ্মীপুরে বক্তব্য রাখেন

লক্ষ্মীপুর প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরো কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।

তিনি আরো বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত।

গতকাল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর তৃণমূল পর্যায়ে, গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বিএনপি নির্বাচিত হয়েছে মাত্র দুই মাস। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নেই। চেয়ারম্যান-মেম্বার যারাই আছেন, অনেকে পলাতক, আবার অনেকে দীর্ঘদিন হয়েছে কাজ করার সুযোগ পাননি। ডিপার্টমেন্টসহ সবাই মিলে তাদের সহযোগিতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকি।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুইজন-তিনজন করে প্রার্থী হয়ে যাবেন- কিন্তু নির্বাচিত হতে পারবেন না। সুতরাং সে বিষয় এখন থেকে মাথায় রাখতে হবে। যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান বা মেম্বার হন- বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধির নির্বাচনের সাথে আমার-আপনার সবার ভাগ্য জড়িত। জনপ্রতিনিধি যদি ভালো হয় সমাজব্যবস্থাও ভালো হবে, ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাব। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অত্র মাদরাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।