রাজবাড়ীতে ১৬ লাখ টাকা নিয়ে উধাও কোচিং সেন্টারের মালিক

এম মনিরুজ্জামান, রাজবাড়ী
Printed Edition

রাজবাড়ী শহরে ‘নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর আমলি আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছেন মাহফুজা আক্তার মিতু (১৮) নামের এক শিক্ষার্থী।

মামলায় কোচিং সেন্টারের মালিক ও পরিচালক মেহেদী হাসান চিশতিসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার পর থেকে মেহেদী হাসানের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

মামলার বাদি মাহফুজা আক্তার জানান, তিফনহর প্রায় ৩০ জন শিক্ষার্থী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত কোচিং সেন্টারটির বিজ্ঞাপন দেখে ভর্তি হন। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আট হাজার ২০০ টাকা করে অগ্রিম নেয়া হয়। কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে পাঁচ দিন ক্লাস, একদিন পরীক্ষা এবং প্রতি মাসে মডেল টেস্ট নেয়া হবে। কোচিং চলবে আট মাস।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম ১০ দিন ক্লাস নেয়ার পর পরিচালক ও তার সহযোগীরা দুর্ব্যবহার শুরু করেন এবং নিয়মিত ক্লাস বন্ধ করে দেন। পরীক্ষার কথা বলে মাথাপিছু আরো ২০০ টাকা নেয়া হয়। এর কিছুদিন পর থেকেই কোচিং সেন্টার বন্ধ পাওয়া যায়। গত ৭ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মালিকের সাথে কথা বলতে গেলে তিনি ক্লাস নেবেন না এবং টাকা ফেরত দেবেন না বলে জানান। জান্নাতুল ফেরদৌস মীম বলেন, তিনি এককালীন ৯ হাজার টাকা দিয়ে ভর্তি হন। গত এক মাস ধরে কোনো ক্লাস হয়নি।

মাহফুজা আক্তার বলেন, ক্লাস, পরীক্ষা ও মডেল টেস্টের কোনো সুবিধা না দিয়েই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার জামান রাজিব বলেন, আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।