চট্টগ্রাম ব্যুরো
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে। কোনো বিদেশী প্রভুর কথায় আর দেশ চলবে না। নিজেরাই নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ইনশা আল্লাহ।
গতকাল সকাল ৯টায় কেরানীহাট হোটেল সি ওয়ার্ল্ড কনভেনশন হলে লোহাগাড়ার-সাতকানিয়ার সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক।
চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ ও ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন ও সাতকানিয়া পৌরসভার আমির অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের বিচার সময়ের দাবি। তিনি যেভাবে মানুষ হত্যা করেছেন, তার বিচার এ সরকারের অধীনে হওয়া উচিত।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব সেক্টরে সংস্কার প্রয়োজন। তবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেসব সেক্টরে অবশ্যই সংস্কার করতে হবে; অন্যথায় আরেকটি ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে। সরকারের কাছে আমাদের কয়েকটি প্রস্তাব জানিয়েছিলাম, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিধি নির্বাচিত করে ক্ষমতা হস্তান্তর করা দরকার। পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানানো হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করার জন্য প্রস্তাবনা পেশ করা হয়েছে।
চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের এমপি প্রার্থীর নাম ঘোষণা করে তিনি বলেন, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়ার সাতকানিয়া) আসনে আগামী পার্লামেন্ট নির্বাচনের জন্য আলহাজ শাহজাহান চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, এ আসনের বৈঠকের জন্য আমিরে জামায়াত মকবুল আহমদ সাহেবও গ্রেফতার হয়েছিলেন। জাতির স্বার্থে, দ্বীনের স্বার্থে ও সমঝোতার স্বার্থে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরিবর্তন হতে পারে। সে জন্য আমিরে জামায়াত নিজের আসনও জাতির স্বার্থে ছেড়ে দিতে পারেন বলে ঘোষণা করেছেন। বৈঠকে সব শুনে ময়দানে গিয়ে বিপরীত দিকে চলা ইসলামের সৌন্দর্য নয়। আমাদের কয়েকজন সেটা নিজেদের চরিত্রে লালন করেছে। তাই আমাদের চিন্তা-চেতনা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা দরকার। কোনো অবস্থায় দ্বিমুখী আচরণ করা যাবে না। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় হিসেবে ঘোষণা দেয়াই সর্বোত্তম জিহাদ। সারা দেশের জনশক্তি সাতকানিয়া লোহাগাড়ার কথা বললে অন্তর থেকে দোয়া করে। এখন নিজেদের মানকে উন্নত করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে এ আসনসহ সব আসনে বিজয় দান করবেন, ইনশা আল্লাহ।
ঐক্যবদ্ধ না হলে বিজয় হাতছাড়া হবে
রাজশাহী ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে; যদি এ দেশের ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। গতকাল শুক্রবার নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সদস্য অধক্ষ্য নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল হাশেম। রাজশাহী মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনটির রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ দেশের ৫৪ বছরের ইতিহাস- গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এ দেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না। আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলকে প্রতিরোধ করতে হবে। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।



