ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়াললিজেসন (আইরিক) এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (এইচএসআইএল) হ্যাকাথন ২০২৬’-এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। টানা দ্বিতীয়বারের মতো ইউআইইউ বাংলাদেশের একমাত্র আঞ্চলিক কেন্দ্র হিসেবে এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক হ্যাকাথনের আয়োজন করে।
‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে উচ্চ-মূল্যের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি’ প্রতিপাদ্য নিয়ে এ বছরের হ্যাকাথনটি বিশ্বের ৪৬টি দেশের ৫০টিরও বেশি গ্লোবাল হাবে একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকা হাবে সারাদেশ থেকে ৬৫০টিরও বেশি আবেদনপত্রের মধ্যে বাছাইকৃত ১৭টি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিযোগিতায় দু’টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দল ‘টিম ম্যাভেরিক’ (এমআইএসটি ও ইউআইইউ) শিশুদের ডিসলেক্সিয়া প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং তাদের সহায়তায় একটি এআই-চালিত লার্নিং প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে। অপর বিজয়ী দল ‘শিগেলাএআই ডায়াগনস্টিকস বাংলাদেশ’ (আইসিডিডিআর,বি) সীমিত সম্পদসম্পন্ন পরিবেশে শিগেলা-জনিত ডায়রিয়া নির্ণয় ও ঝুঁকির মাত্রা নির্ধারণে একটি এআই-ভিত্তিক ক্লিনিক্যাল সাপোর্ট টুল তৈরি করেছে।
উভয় বিজয়ী দল নগদ অর্থ, সনদপত্র ছাড়াও হার্ভার্ড এইচএসআইএল গ্লোবাল বুটক্যাম্প ও ভেঞ্চার ইনকিউবেশন প্রোগ্রামে অন্যান্য আন্তর্জাতিক হাবের বিজয়ীদের সাথে সরাসরি প্রতিযোগিতার সুযোগ পাবে।
ইউআইইউর ভিসি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান প্রফেসর ড. সায়েবা আক্তার এবং সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) প্রফেসর ড. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।
জুরি প্যানেলে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন প্রফেসর ড. লরা জে. রাইখেনবাখসহ দেশী-বিদেশী স্বাস্থ্য ও আইসিটি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামটির কৌশলগত পার্টনার হিসেবে ছিল প্রাইম ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং এসআরএইচআর পার্টনার হিসেবে ছিল সুইডেন দূতাবাস। বিজ্ঞপ্তি।



