ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন ভর্তি ১৩১৪ জন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত রোববার সকাল ৮টার পর থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৪ জন। মৃতদের তিনজনই নারী। তাদের মধ্যে খুলনা বিভাগের হাসপাতালে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন এবং অপরজন সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ দিকে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত সাড়া দেশে মোট ১২১ জন ডেঙ্গু আক্রান্ত মারা গেছে। একই সময়ে সারা দেশে ৪৩ হাজার ৯০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ও ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে অথবা তাদের নিজের ইচ্ছায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

গতকাল সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হন ৫০৭ জন। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা বেশি। তবে গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৩৫ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন। অন্য দিকে রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৩৯ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন।

সারা দেশে ডেঙ্গুতে যে ১২১ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৪৩ জন, উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৬ জন এবং সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ২১ জন, বরিশাল বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রামে বিভাগে আটজন, রাজশাহীতে চারজন, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।