বিনোদন প্রতিবেদক
মো: জামাল হোসেনের গল্প ভাবনায় ও সেরনিয়াবাত শাওনের চিত্রনাট্য, পরিচালনায় নির্মিত হওয়া ঈদের বিশেষ নাটক ‘মৎস্যকন্যা’ গত ৩০ মার্চ ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’-এ প্রকাশিত হয়েছে। মো: জামাল হোসেনের প্রযোজনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটকে তার চরিত্রের নাম ইরা। প্রজন্মের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার অভিনয় করেছেন রাফি চরিত্রে। রাফির বিপরীতেই ইরা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘সাফার সাথে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। ভীষণ ডেডিকেটেড একজন অভিনেত্রী। যে চরিত্রেই অর্ভিনয় করে তা যেন পারফেক্ট সে জন্য সাফা অনেক শ্রম দিয়ে থাকে। ব্যক্তিগতভাবে সাফা খুবই হাসিখুশি একজন ঠাণ্ডা প্রকৃতির মানুষ। আমাদের বন্ধুত্ব কিংবা যোগাযোগটাও খুব ভালো। সব দিক বিবেচনা করলে সাফার সাথে কাজ করা আমার জন্য স্বস্তিকর এবং ভালোলাগার।’ সাফা কবির বলেন, ‘ছোটবেলা থেকেই কিন্তু আমার খুব প্রিয় এরিয়েল মারমেইড। আমার অনেক এরিয়েল মারমেইড সংগ্রহেও ছিল। ছোটবেলায় ভাবতাম সত্যিই কী মারমেইড আছে? বড় হয়েও আমার মধ্যে ভাবনা কাজ করে- মারমেইড বা মৎস্যকন্যা কী সত্যিই বিদ্যমান কি-না। যখন আমার কাছে এই নাটকের গল্প নিয়ে আসেন পরিচালক তখন আমার খুব ভালো লেগে যায়। কারণ, শাওন ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। যে কারণে তার কাজের প্রতি আমার আস্থা আছে। এ জন্য তিনি বলার সাথে সাথেই আমি রাজি হয়ে যাই। গল্পটা মূলত জামাল ভাইয়ের। রূপান্তর করেছেন শাওন ভাই। আর খায়রুল বাসার আমার খুবই পছন্দের একজন কোআর্টিস্ট। বাসার এত শান্ত যে, তার সাথে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয় আমার সাথে বাসারের বেশ মিল আছে, বিশেষত আমি যেমন চুপচাপ, আরাম প্রিয় এবং কাজের প্রতি ডেডিকেটেড বাসারও ঠিক তেমনি। নাটকটি ইউটিউবে প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি।’



