রাজারহাটে এসআইয়ের বিরুদ্ধে মামলার নথি জালিয়াতির অভিযোগ

Printed Edition

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলার নথি জালিয়াতি, ভুয়া স্বাক্ষর ও ১৬১ ধারায় জবানবন্দী তৈরির অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিভাগীয় শাস্তি ও তার তদন্ত করা মামলাগুলোর নথি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিক আরিফুল ইসলাম।

শনিবার বেলা ১১টায় রাজারহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আরিফুল ইসলাম। তিনি রাজারহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি। লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, গত ২৭ মার্চ তার ওপর হামলার ঘটনায় রাজারহাট থানায় মামলা করেন তিনি। মামলা নম্বর-১৭। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুল ইসলাম।

অভিযোগ করে তিনি বলেন, তদন্ত কর্মকর্তা বাদি ও এজাহারভুক্ত চার সাক্ষীর সাথে যোগাযোগ বা তাদের জবানবন্দী গ্রহণ না করেই ১৬১ ধারায় জবানবন্দী তৈরি করে আদালতে পাঠিয়েছেন। পরে মাত্র ২৫ দিনের মধ্যে আসামিদের সুবিধা দেয়ার উদ্দেশ্যে দুর্বল চার্জশিট দাখিল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরিফুল ইসলাম জানান, এ বিষয়ে গত ২৩ জুলাই কুড়িগ্রামের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বাদি ও সাক্ষীদের লিখিত বক্তব্য নিলেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেন তিনি। অভিযোগের বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, চার্জশিটে ত্রুটি থাকলে বাদির আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।