ডেঙ্গু মোকাবেলায় খুলনা মহানগর বিএনপির রোডম্যাপ ঘোষণা

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক রূপ নেয়ায় তা মোকাবেলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মহানগর বিএনপি দু’টি বিশেষ মানবিক উদ্যোগ ও রোডম্যাপ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে মহানগর বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এ উদ্যোগের কথা জানান মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তৃতায় অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, খুলনা মহানগরীর একাধিক হাসপাতাল, ক্লিনিক ও সেবাকেন্দ্র থাকা সত্ত্বেও হঠাৎ রোগী বৃদ্ধির কারণে চিকিৎসক ও পরামর্শের ঘাটতি, সেবা পেতে বিলম্ব এবং ল্যাব টেস্টের বিড়ম্বনা দেখা দিচ্ছে। একই সাথে দৈনিক উপার্জনকারী নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। এই সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের পাশে দাঁড়াতে দু’টি পৃথক পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। প্রথমত, ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে মশক নিধনে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ এবং কীটনাশক সরবরাহ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সাথে নিয়ে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে। স্থানীয় স্কুল-কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, আক্রান্ত রোগীদের প্রত্যক্ষ চিকিৎসাসেবার লক্ষ্যে জরুরি ক্ষেত্রে বাড়িতে চিকিৎসক পরামর্শ, অবস্থা বুঝে ওষুধ সরবরাহ ও সার্বক্ষণিক আপডেট রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরীর প্রতিটি আক্রান্ত থানা এলাকায় কমপক্ষে একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যা ও ছোট দু’টি ওয়ার্ড মিলে সমমানের সেবাকেন্দ্র প্রস্তুত করা হবে। এ ছাড়া প্রতিটি সেন্টারে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় সরঞ্জাম, রক্তের গ্রুপ ম্যাচিং সুবিধাসহ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর টাঙানো থাকবে এবং স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক কাজ করবে।

তিনি বলেন, উদ্যোগগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে খুলনা মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একটি শক্তিশালী পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিক্যাল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ে কাজ করবেন ডা: রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের দায়িত্বে থাকবেন মো: মাসুদ পারভেজ বাবু। এ ছাড়া সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ বিভিন্ন থানা ও স্থানীয় বিএনপি সভাপতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ডা: রফিকুল হক বাবলু, ডা: মোস্তফা কামাল, ডা: এস এম আক্তারুজ্জামান, ডা: হাফিজ, ডা. মশিউর রহমান, শেখ সাদী, মো: মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

হাসপাতালে মহানগর বিএনপির নেতৃবৃন্দ : ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবা সরেজমিন পর্যবেক্ষণ করতে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল গতকাল হাসপাতালে যান।

তারা খুলনা জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী ও শিশু রোগীদের শয্যার পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।