মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে সার ডিলার ‘কৃষি মন্ত্র মেশিনারিজ’ এর বিরুদ্ধে বরাদ্দের সার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এবার ধান রোপণ দেরিতে শুরু হওয়ায় প্রথম ধাপের বরাদ্দের সার প্রয়োজন না থাকায় কৃষকরা নেননি। তবে সেই সার ডিলারের গোডাউনেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়, কৃষি মন্ত্র মেশিনারিজের স্বত্বাধিকারী আবু সাইদ জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তার নামে মেলান্দহের কুলিয়া ইউনিয়নে একটি সার ডিলার পয়েন্ট রয়েছে। সেখান থেকে ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সার বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, ডিলার পয়েন্টের গোডাউনে পর্যাপ্ত জায়গা না থাকায় অন্যত্র সার রাখা হয়। এ ছাড়া গোডাউনে কোনো সাইনবোর্ড নেই এবং মাঝে মধ্যে গোডাউন বন্ধ থাকে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েক দিন আগে ধান রোপণ শুরু হয়েছে। রোপণ শুরুর আগেই ডিলার বরাদ্দের সার পেলেও প্রয়োজন না থাকায় অনেক কৃষক তা নেননি। এখন জমি প্রস্তুত ও রোপণ শেষে সার নেয়ার কথা তাদের। ফলে কৃষকের নামে বরাদ্দ করা সেই সার ডিলারের কাছে নেই। তা হলে সেটি কোথায় গেল।
তারাকান্দি এলাকার কৃষক খাইরুল ইসলাম বলেন, তার আট বিঘা জমি রয়েছে। কয়েক দিন ধরে ধান রোপণ শুরু করেছেন তিনি। এখনো সার নেননি। রোপণ শেষ হলে সার নেবেন।
ভালুকা ও চিনিতোলা এলাকার কৃষক নাজিম উদ্দিন, তোতা মিয়া ও আমজাদ বলেন, এখনো তাদের সারের প্রয়োজন হয়নি। কয়েক দিন পর সারের প্রয়োজন হবে। কৃষকেরা সার না নিয়ে থাকলে আগের বরাদ্দের সার ডিলারের কাছে থাকার কথা।
অভিযোগের বিষয়ে জানতে কৃষি মন্ত্র মেশিনারিজের স্বত্বাধিকারী আবু সাইদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সার বিক্রয় কার্যক্রম নজরদারিতে রাখা হয়। কৃষক ছাড়া অন্য কারো সার নেয়ার সুযোগ নেই। প্রতিটি ডিলার পয়েন্টে সাইনবোর্ড ও নির্ধারিত মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



