গ্যাস বিস্ফোরণে প্যারিসে বাংলাদেশী শিশুর মৃত্যু

Printed Edition

ফ্রান্স থেকে প্রতিনিধি

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরবিলিয়ে শহরে গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশী শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটাপন্ন।

শনিবার ফ্রান্সের স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওভেরবিলিয়ে শহরের রুই পল-ভেরলেন এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বাড়িটি কোনো বহুতল ভবন ছিল না। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি পরিষেবার উদ্ধারকারী দল।

প্রেফেকচুর এএফপিকে জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দলও কাজ করে।

ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ, লো প্যারিজিয়াঁ এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে নিহত শিশুটির নাম নাহিল। তার বয়স দুই বছর। সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।