রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একটি বসতবাড়ির জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার মহিলা কলেজ রোডের মৃধাবাড়ি এলাকায় এ কে এম নুর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় গৃহকর্ত্রীসহ দু’জন আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা মাহফুজা বেগম ও মহিউদ্দিন আল ফারুক রাজীব বাধা দিলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতরা বাসার লোকজনকে একটি কক্ষে জিম্মি করে রাখে।
এ সময় ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় ছয় হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে ডাকাত দলটি তাণ্ডব চালানোর সময় বাইরে আরো কয়েকজন পাহারায় ছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সম্প্রতি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার এবং পুলিশি টহল জোরদারের দাবি জানান।
রাজাপুর থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



