সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে ইয়ার্ড মালিকের ওপর হামলা

Printed Edition

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিপইয়ার্ড মালিকের কাছে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সন্ত্রাসীদের হামলায় ইয়ার্ড মালিক নুরুন্নবী আহত হন। এ ঘটনায় নুরুন্নবী বাদি হয়ে মামলা করেন। এ ঘটনায় পুলিশ একজকে গ্রেফতার করে। গতকাল শনিবার সোনাইছড়ি নবী ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, শিপব্রেকার্স নুরুন নবী নিজ ইয়ার্ড থেকে ফেরার পথে মো: জাহাঙ্গীর নামক এক যুবক দল-বল নিয়ে তার গাড়ি থামিয়ে ইয়ার্ডে প্রতি জাহাজ কাটিং বাবদ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তখন নুরুন্নবীকে পিটিয়ে আহত করেন। তখন ইয়ার্ডের কর্মকর্তারা উদ্ধারে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পিটিয়ে আহত করা হয় উদ্ধারকারীদের। এ ঘটনায় নবী ইয়ার্ডের এক কর্মকর্তা বাদি হয়ে মামলা করলে পুলিশ প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনার পর অভিযুক্ত জাহাঙ্গীরের লোকজন ক্ষুব্ধ হয়ে নবী ইয়ার্ডকে বন্ধ করে দেয়াসহ নানান ধরনের হয়রানি করা হচ্ছে বলে জানান ইয়ার্ড মালিক নুরুন্নবী।