হংকংয়ের লাইকে মুক্তি দিতে শি জিনপিংকে ট্রাম্পের অনুরোধ

Printed Edition

বিবিসি

হংকংয়ের গণতন্ত্রপন্থি ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্প এ অনুরোধের কথা জানালেন।

গত সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, জিমি লাইয়ের বিষয়টি তিনি শি জিনপিংয়ের কাছে তুলেছেন এবং তাকে মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছেন। ট্রাম্প বলেন, আমি খুব খারাপ বোধ করছি। আমি প্রেসিডেন্ট শির সাথে কথা বলেছি এবং তাকে তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছি।

ট্রাম্প আর বলেন, জিমি লাই বয়সে প্রবীণ এবং অসুস্থ। তিনি একজন বয়স্ক মানুষ এবং ভালো নেই। তাই আমি অনুরোধটা করেছি। দেখা যাক, কী হয়। তবে কবে তিনি এই বিষয়ে শি জিনপিংয়ের সাথে কথা বলেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার হংকংয়ের একটি আদালত জিমি লাইকে বিদেশী শক্তির সাথে যোগসাজশের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এই রায় দেয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আইন ভিন্নমত দমনে ব্যবহৃত হচ্ছে, যদিও বেইজিং এটিকে শহরের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে দাবি করে আসছে। রায়ের পর হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, জিমি লাইয়ের কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং হংকংবাসীর কল্যাণ ক্ষতিগ্রস্ত করেছে। তবে মানবাধিকারকর্মীরা এ রায়কে নিষ্ঠুর বিচারিক প্রহসন বলে আখ্যা দিয়েছেন।