ফতুল্লায় গার্মেন্টে বয়লার বিস্ফোরণ আহত ১০

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফতুল্লার পাগলা তালতলা এলাকায় অবস্থিত নির্ঝর নিটওয়্যার কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তঃসত্ত্বা শ্রমিক খাদিজা (২০)। তাদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে মালিকপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। ঘটনার পর শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলোচনা করে। আহতদের চিকিৎসার ব্যয় বহন এবং ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি পরিবর্তনের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, শ্রমিকদের অভিযোগ অনুযায়ী বয়লারটি পুরোনো ছিল। বিষয়টি আগেই গুরুত্ব দিয়ে দেখা হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। মালিকপক্ষ দ্রুত বয়লার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

তিনি আরো বলেন, কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ কর্মরত আছেন। কারখানার মালিক নুরুল আমিন সুমনের সাথে শ্রমিকদের আলোচনা করে পরিস্থিতির সমাধান করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে।