তাইওয়ান প্রণালীতে শান্তি চান বিরোধী নেত্রী চীনে বিরল সফর

Printed Edition

আলজাজিরা

তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং বা কেএমটি-র প্রধান চেং লি-উয়েন বর্তমানে চীন সফরে রয়েছেন। গত এক দশকের মধ্যে তিনিই প্রথম কেএমটি নেতা যিনি চীন সফর করছেন। এই সফরের মাধ্যমে তিনি বেইজিংয়ের সাথে আবার সংলাপ এবং সমঝোতার আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার নানজিং শহরে চীনা বিপ্লবের মহানায়ক সান ইয়াত-সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন চেং। উল্লেখ্য, ১৯৪৯ সালে মাও সে তুংয়ের কমিউনিস্টদের কাছে গৃহযুদ্ধে হেরে তাইওয়ানে পালিয়ে যাওয়ার আগে এই নানজিং শহরই ছিল কেএমটি সরকারের রাজধানী। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে চেং বলেন, সান ইয়াত-সেনের আদর্শ ছিল সাম্য ও ঐক্য। আমাদের উচিত তাইওয়ান প্রণালীর দুই পাড়ের মানুষের মধ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে একযোগে কাজ করা।

তার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে এবং বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে কে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়ে তার সাথে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন, গাজা এবং ইরান ও ইসরাইল যুদ্ধের ফলে বিশ্ব রাজনীতি এখন উত্তাল। এমন পরিস্থিতিতে অনেক তাইওয়ানবাসীই ভাবছেন যেকোনো সঙ্কট দেখা দিলে যুক্তরাষ্ট্র আসলে কতটা পাশে দাঁড়াবে। আটলান্টিক কাউন্সিলের গবেষক ওয়েন-তি সুং জানান, চেং যদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে পারেন, তবে তার দল এই দাবি করার সুযোগ পাবে যে সঙ্ঘাতের চেয়ে সংলাপই বেশি কার্যকর।

চেং তার এই সফরকে উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে তাইওয়ানের বর্তমান ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি এই সফরের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, বিরোধী দল জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।