গোমস্তাপুর সীমান্তে আটক ২ ভারতীয়কে হস্তান্তর

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বাংলাদেশ জলসীমায় প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দুপুরে সিরামের দাড়া বিলে মাছ ধরার সময় ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। আটক ব্যক্তিরা হলো- ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বাচ্চন মোহলদার (৩২) ও রাজু মোহলদার (২০)। মাছ ধরার সময় তারা বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়েছেন, এমন সন্দেহে স্থানীয় দুই বাংলাদেশী জেলে তাদের আটক করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল কেতাব বাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে। চাড়ালডাংগা বিওপির কমান্ডার ও বিএসএফের টিলাশন ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক শেষে আটককৃতদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।