৯০০ গোলের অপেক্ষায় মেসি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আর মাত্র একটি গোল করলেই ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। এই মুহূর্তে ৯৬০ গোল নিয়ে তার সামনে শুধু পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এ জন্য অপেক্ষা করতে হবে আগামী বুধবার পর্যন্ত। ওই দিন কনকাক্যাফ চ্যম্পিয়নস কাপের প্রথম মাচে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার ভোরে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। আর এই জয়ে অবদান রেখে ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। গত সপ্তাহে অরল্যান্ডোর বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। গতকাল বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে ডিসির বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে দুর্দান্ত এক চিপ শটে চলমান আসরে নিজের তৃতীয় গোলটি করেন।

মায়ামির জার্সিতে এটি মেসির ৮০তম গোল। এর ফলে গৌরবময় ক্যারিয়ারের মোট গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৮৯৯টি।

আগামী জুনে ৩৯ বছরে পা দিতে যাওয়া বিশ্বকাপজয়ী মেসি তার ক্যারিয়ারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৬৭২টি এবং ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৩২টি গোল করেছেন। এ ছাড়া আর্জেন্টিনার বিখ্যাত সাদা-আকাশি জার্সিতে তার আন্তর্জাতিক গোলসংখ্যা ১১৫টি। ডিসির বিপক্ষে এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি।

ম্যাচের ১৭ মিনিটে মেসির স্বদেশী রদ্রিগো দি পলের বাঁকানো শটে লিড নেয় মায়ামি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে ইসরাইলি ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।