নয়া দিগন্ত ডেস্ক
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় এসি বাসের সাথে সংঘর্ষে চার লেগুনা যাত্রী এবং নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে পিকআপের চার যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া এই দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
অপর দিকে দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর মহাদেবপুর ও পতœীতলা উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ ছাত্র, রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে যুবক এবং গোপালগঞ্জ মুকসুদপুরে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
চকরিয়ায় নিহত ৪
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় খুটাখালী ইউনিয়নের নোয়াপাড়া মাবায়তুল মামুর জামে মসজিদের সামনে এসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লোগুনারের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ-সময় আরো পাঁচ যাত্রী গুরুত্বর আহত হন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জসিমউদ্দীন (২৫), একই উপজেলার খুটাখালীর শিয়াপাড়া এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২৭), একই ইউনিয়নের নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মোহাম্মদ জিয়াবুল হক (২৫) ও ঈদগাও উপজেলার পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদগাও থেকে যাত্রীবাহী লেগুনা চকরিয়া আসার পথে খুটাখালী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এসি বাসের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় লেগুনায় থাকা ৯ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ও ডুলাহাজারা মালুম ঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে মালুম ঘাট হাসপাতালে একজন ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়। এ ঘটনায় আহতরা হলেন, খুটাখালী ইউনিয়নের জিয়াবুল হক (৪০), দেলোয়ার (৩৫) ঈদগাঁও সৈয়দ আলম (৫০) ও তার ছেলে মোহাম্মদ সওয়ার (১৯) এবং কক্সবাজার টেকনাফের সৈয়দ করিম (৩০)।
নেত্রকোনায় নিহত ৪
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক পথে বেপরোয়াগামী ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত এবং কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক পথের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মদন উপজেলার বাসিন্দা। তারা মদনের একটি ওরসে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
সেনা সদস্য নিহত
মহাদেবপুর সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল সিএনজি সংর্ঘষে যোবায়ের রহমান (২৪) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে মহাদেবপুরের আখেড়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রাতে বগুড়া সি এম এইচ এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যোবায়ের নওগাঁর সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলায় উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, যোবায়ের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে জেলার মহাদেবপুরের আখেড়া নামক স্থানে এলে তার মোটরসাইকেলের সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
যুবক নিহত
পতœীতলা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পতœীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল তিগ্গা পতœীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাযউতাড়া এলাকার বিরশা তিগ্গার ছেলে, পেশায় কৃষক।
ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মাহমুদুল হাসান মুয়াজ (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
গতকাল দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে, নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিার্থী ছিল। স্থানীয় ও প্রত্যদর্শীরা জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে নরসিংদী কলেজে যাওয়ার সময় তারাব বিশ্বরোড এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীতে নিহত ১
রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় বাসের সাথে সংঘর্ষে পলাশ পরামাণিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা আরজু পরামাণিকের ছেলে।
গোপালগঞ্জে নিহত ১
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, মুকসুদপুর উপজেলার দিনাগর এলাকায় গোপালগঞ্জের বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রেজাউল আলম (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম গ্রামের আতিয়ার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে মহাসড়কের দিনাগর এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি রেজাউল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।


