মিনিয়াপলিসে বর্ণবাদী হামলার শিকার ইলহান

আনাদোলু এজেন্সি
Printed Edition

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে এক রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ার সময় মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমার হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে এক টাউন হল সভায় তিনি যখন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কঠোর সমালোচনা করছিলেন, তখন এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সভার মাঝপথে এক অজ্ঞাত ব্যক্তি ওমারের পডিয়ামের দিকে দ্রুত এগিয়ে আসে এবং তার ওপর একধরনের স্বচ্ছ তরল পদার্থ স্প্রে করে। নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে হামলাকারীকে নিরস্ত করতে সক্ষম হন। ইলহান ওমার এই ঘটনায় কিছুটা আতঙ্কিত হলেও সৌভাগ্যবশত কোনো ধরনের শারীরিক আঘাত পাননি। হামলার পর সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও ইলহান ওমার অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে পুনরায় বক্তব্য প্রদান অব্যাহত রাখেন। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, কোনো বাধাই তাকে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না এবং তারা এই ধরনের হামলাকারীদের সুযোগ দেবেন না।