গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সঙ্কটের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকরা। গতকাল বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকরা উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের কাছে সার সঙ্কটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
কৃষকরা জানান, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন।
তাদের দাবি, সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করে কৃষকদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ এবং নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।


