বরিশালে ড. ইফতেখারুজ্জামান

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন প্রয়োজন

Printed Edition

বরিশাল ব্যুরো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব সংস্কারের কথা বার বার আলোচনা হয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে দেশ অনেক এগিয়ে যাবে। দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া প্রয়োজন। বরিশালে গতকাল দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ও ডাটা জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টিআইবির আয়োজনে প্রশিক্ষণটি নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কৌশল, তথ্যের উৎস ও অনুসন্ধানের পদ্ধতি এবং অনুসন্ধান থেকে প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা বাবু।

প্রশিক্ষণে অনুসন্ধানী প্রতিবেদনে ওপেন ডাটার ব্যবহার, ডাটা বোঝাপড়া, পরিসংখ্যান ও তথ্য, ওপেন ডাটা এবং সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরা হয়। এ পর্ব পরিচালনা করেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

দুপুরের পরের সেশনে ওপেন ডাটার ব্যবহার নিয়ে বাস্তব উদাহরণ, ডাটা ড্যাশবোর্ড, ডাটা সংগ্রহ ও ভিজ্যুয়ালাইজেশন এবং ডাটা জার্নালিজমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবির ডাটা ভিজ্যুয়ালাইজার সহকারী সমন্বয়ক কে এম রফিকুল আলম ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।