গোলাম আজম খান
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে গতকাল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আগের চার ম্যাচে দুই দলেরই সমান দু’টি করে জয়ের ফলে শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। সেখানে গতকাল ৬ উইকেটের পরাজয়ে সিরিজও ২-৩ ব্যবধানে হেরেছে যুবা টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে এবার চীন সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে তারা খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে গত পরশু স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফর করবে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল। সফরে তিনটি ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর।
এর আগে কক্সবাজারে গতকাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের শেষ টি-২০তে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬ নম্বরে নামা সাদিয়া আক্তারের ব্যাটে আসে সর্বোচ্চ ২৭ রান। এ ছাড়া দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করে ছিল ওপেনার সুমাইয়া আক্তার ও হাবিবা ইসলামের।
ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে ১৬ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এর পর ওপেনার কোমল খান ২৫, আকসা হাবিব ২১ ও ফিজ্জা ফিয়াজের অপরাজিত ২১ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে সফরকারীরা। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বারিরা সাইফ।
পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া সিরিজের বেশ কয়েকজন খেলোয়াড় চীন সফরের স্কোয়াডে আছেন। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে আয়োজিত হতে যাচ্ছে এই সিরিজ। চীন ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী ১৫ ডিসেম্বর চীনে পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বিসিবি ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিনকে।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল : সুমাইয়া আক্তার, আরতি মণ্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারী শ্রাবণী। স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন।



