আনাদোলু
তুরস্কে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সাতটি তুর্কি-আমেরিকান সংগঠন। মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে সংগঠনগুলো এই সহযোগিতা বজায় রাখার জোর দাবি জানায়।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রায় ৭৫ বছর ধরে ন্যাটোর অন্যতম প্রধান মিত্র ও কূটনৈতিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে তুরস্কের সম্পৃক্ততা ওয়াশিংটনের কৌশলগত স্বার্থেই প্রয়োজন। সংগঠনগুলো জানায়, ন্যাটোর সংহতি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই এই প্রতিরক্ষা চুক্তি অনুমোদন এবং অপ্রয়োজনীয় বাধাগুলো দূর করা জরুরি।
যৌথ চিঠিতে স্বাক্ষর করেছে অ্যাসেম্বলি অব তুর্কি আমেরিকান অ্যাসোসিয়েশনস, তুর্কি আমেরিকান কোয়ালিশন, ফেডারেশন অব তুর্কি আমেরিকান অ্যাসোসিয়েশনস, তুর্কি আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, মুসিয়াড ইউএসএ, তুর্কি আমেরিকান চেম্বার অব কমার্স অব দ্য সাউথ এবং আসকন ইউএসএ। গত জুলাই মাসে কংগ্রেসের অর্ধশতাধিক সদস্যের কাছে চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে স্মরণ করিয়ে দেয়া হয়, ১৯৫২ সালে ন্যাটোতে যোগদানের পর থেকে আঙ্কারা জোটের দক্ষিণ-পূর্ব সীমানা এবং গুরুত্বপূর্ণ বসফরাস ও দার্দানেলেস প্রণালী সুরক্ষায় ভূমিকা রাখছে। এ ছাড়া সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট বা দায়েশবিরোধী লড়াইয়ে তুরস্কের ইনসিরলিকসহ অন্যান্য সামরিক ঘাঁটি কার্যকর ভূমিকা রেখেছে।



