হাওরে শিশুর লাশবাহী নৌকায় ডাকাতি

Printed Edition

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের এক শিশুর লাশ বহনকারী নৌকায় ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।

গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। শিশুর লাশটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১০ দিনের সন্তানের।

নৌকার মাঝি রতন মিয়া বলেন, একটি শিশুর লাশ নিয়ে চমকপুর গ্রামের উদ্দেশে যাওয়ার পথে নোয়াগাঁও স্লুইস গেট এলাকায় ছয়-সাতজনের একটি মুখোশধারী দল আমাদের গতিরোধ করে। পরে তারা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আব্দুল হক বলেন, আমরা ভাবতেও পারিনি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। অনেক আকুতি-মিনতি করার পরও তারা আমাদের কোনো কথা শোনেনি। ডাকাতরা নৌকায় থাকা মোবাইল ফোন, সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি মো: সোহেব খাঁন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য বা লিখিত অভিযোগ পাইনি। তবে নৌ-পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।