সিলেট ব্যুরো
সিলেটের চারটি মেগা উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক)।
গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। দীর্ঘদিন ধরে এগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে ফাইলবন্দী ছিল। এসব প্রকল্প নিয়ে গত ছয় মাসে দৈনিক নয়া দিগন্তে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
অনুমোদন পাওয়া সিলেটের প্রকল্পগুলো হচ্ছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প ও ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্প। প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে জানা গেছে।
জলাবদ্ধতা নিরসনে সিসিকের ৪৯৯ কোটি টাকার প্রকল্প
জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহে ৪৯৯ কোটি টাকার প্রকল্প পেয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে এই প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে।
সিসিক সূত্রে জানা গেছে, ৪৯৯ কোটি টাকা ব্যয়ে নগরীর নদী, খাল ও ড্রেন খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ করা হবে। পাশাপাশি যেসব ওয়ার্ডে পানির লাইন নষ্ট হয়ে গেছে বা সংস্কারের প্রয়োজন রয়েছে, সেসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তবে এই প্রকল্পের আওতায় নতুন কোনো ওয়ার্ডে পানির সংযোগ দেয়া হবে না। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন ও কালভার্ট নির্মাণে গুরুত্ব দেয়া হবে।
চার লেনে উন্নীত হচ্ছে সিলেট-তামাবিল মহাসড়ক
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চার লেনে উন্নীত হচ্ছে ৫৬.২ কিলোমিটার দীর্ঘ সিলেট-তামাবিল মহাসড়ক। প্রকল্পটি অনুমোদন পাওয়ায় আশার আলো দেখছেন সিলেটবাসী। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেন করার উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কিন্তু অর্থায়নসহ নানা জটিলতায় এত দিন আটকে ছিল প্রকল্পটি। অবশেষে আলোর মুখ দেখল সিলেটের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক প্রকল্প।



