দুর্নীতি ও দখলমুক্ত বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটের বিকল্প নেই : আসিফ মাহমুদ

Printed Edition
রংপুরে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন :  নয়া দিগন্ত
রংপুরে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই জামায়াত-এনসিপি জোটের মূল লক্ষ্য। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। তাই আগামীর দেশকে সুন্দর, স্বচ্ছ ও ইনসাফের ভিত্তিতে গড়তে ‘হ্যাঁ’ ভোট এবং জোটের প্রার্থীদের ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করার বিকল্প নেই।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইলে এবং রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘাটাইলের পথসভায় আসিফ মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘গত ১৬ বছর কিভাবে আপনাদের পরিবার এবং দলের ওপর নির্যাতন চালানো হয়েছে তা ভুলে যাবেন না। সেই ইতিহাস ভুলে গেলে আবারো বিপদ অপেক্ষা করছে। আর তখন আমরা আপনাদের পাশে থাকব না।’ ভোটারদের সচেতন করে তিনি বলেন, ‘আপনারা ভোট বিক্রি করবেন না। ভোট বিক্রি করলে আবারো সন্তানহারা বা স্বামীহারা হওয়ার পরিবেশ তৈরি হতে পারে।’

ভারতের সমালোচনা করে সাবেক এই ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারত আমাদের অবদমিত করে রাখতে চায়। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই আগ্রাসী মনোভাবের দরজা ভেঙে ফেলা হয়েছে।’ তিনি আরো উল্লেখ করেন, এই পথসভাগুলো কেবল নির্বাচনী প্রচারণা নয়, বরং মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সংহতি সমাবেশ।

শাহজাদপুরের সভায় আসিফ মাহমুদ বলেন, নির্বাচন এলেই কিছু লোক বিদেশ থেকে ‘অতিথি পাখির’ মতো এসে প্রার্থী হন এবং ভোট শেষে আবার বিদেশে চলে যান। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই দেশেই থাকব এবং জনগণের সেবা করব। দেশকে দুর্নীতিমুক্ত করার সুযোগ পেতে আমাদের জোটের প্রার্থীদের নির্বাচিত করুন।’

ঘাটাইলের সভায় টাঙ্গাইল-৩ আসনের প্রার্থী মো: সাইফুল্লাহ হায়দার ও জেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক বাবুল উপস্থিত ছিলেন। অন্য দিকে, শাহজাদপুরের সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপি নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলাম, মনিরা শারমিন এবং শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা। বক্তারা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের কাছে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন।