কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
ফাল্গুনের প্রথম দিনে প্রতি বছর যে সমুদ্রসৈকতে উপচে পড়া ভিড় থাকে, সেই কুয়াকাটা এবার ছিল অনেকটাই ফাঁকা। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে পর্যটন কার্যক্রমে ভাটা চলছে। নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তা ও যাতায়াতসংক্রান্ত শঙ্কার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যাশিত সংখ্যক পর্যটক আসেননি।
পর্যটকের অভাবে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, খাবারের দোকান ও ভাড়াভিত্তিক যানবাহন খাতের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। অনেক হোটেলে অর্ধেকের বেশি কক্ষ খালি রয়েছে। মৌসুমের সম্ভাব্য ব্যস্ত সময়েও আশানুরূপ আয় না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
তবে যারা এসেছেন, তারা নিরিবিলি পরিবেশে সমুদ্রস্নান ও সূর্যাস্ত উপভোগ করছেন। সৈকতে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। সংশ্লিষ্টদের আশা, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকের ভিড়ে মুখর হবে সৈকত।



