ইপিজেড শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নতুন মাইলফলক

Printed Edition

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ইপিজেডগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য একটি স্থায়ী ও টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) প্রতিষ্ঠার লক্ষ্যে ইতালির তুরিনে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্রে (আইটিসি) সম্প্রতি একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে অংশীজনরা একটি যৌথ বিবৃতি গ্রহণ করেন, যেখানে ২০২৭ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ, স্বনির্ভর ও স্থায়ী ইআইএস-বেপজা প্রতিষ্ঠার বিষয়ে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উক্ত কর্মশালায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস ও শিল্প সম্পর্ক) মো: নাজমুল ইসলাম ভূঁইয়া, আদমজী ইপিজেডের রেমি হোল্ডিংস লিমিটেড ও বিজিএমইএর সাব-কমিটি চেয়ারম্যান মিরান আলী, জার্মানির অসপিগ গ্রুপের প্রধান নির্বাহী হ্যান্স-হারম্যান অ্যাডলফ, স্পেনের ইরাম গ্রুপের পরিচালক কোরাল ইরাম গ্রেগরিওসহ আইএলওর অ্যাকচুয়ারি ও কারিগরি বিশেষজ্ঞরা কর্মশালায় অংশগ্রহণ করেন। জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি বেপজা, আইএলও ও জিআইজেডের মধ্যে স্বাক্ষরিত লেটার অব ইনটেন্টের মাধ্যমে ইপিজেডের তৈরী পোশাক খাতের শ্রমিকদের জন্য ইআইএস পাইলট চালু করা হয়। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর আর্থিক সহায়তায় পরিচালিত এ পাইলট প্রকল্পের আওতায় কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী অক্ষমতা কিংবা কর্মস্থলে যাতায়াতের পথে দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে সুবিধা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪৮ জন সুবিধাভোগী এ স্কিমের আওতায় সহায়তা পেয়েছেন।

সফরকালে বেপজার প্রতিনিধিদল সুইজারল্যান্ডের সিয়নভিত্তিক পুনর্বাসন প্রতিষ্ঠান সুভার সাথেও বৈঠক করেন। বৈঠকে বেপজার অধীনে আন্তর্জাতিক মানের একটি আধুনিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ইউরোপীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় : সফরকালে বেপজার প্রতিনিধিদল ইতালি, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যবসায়ী নেতা, চেম্বার প্রতিনিধিরা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সাইডলাইন বৈঠকে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।