চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রবি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জমি প্রস্তুত ও শস্যবীজ বপন কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেই সাথে বাড়ছে কৃষকদের দুশ্চিন্তা। উপজেলার একাধিক ডিলার পয়েন্ট, খুচরা ও পাইকারি দোকান ঘুরেও টিএসপি সার না পেয়ে হতাশ হয়ে ফিরছেন কৃষকরা। কোথাও কোথাও অল্প পরিমাণ সার এলেও তা কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। একই সাথে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগও তুলছেন অনেকে।
স্থানীয় কৃষক ফজল মৃর্ধা বলেন, চাষাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এমন সঙ্কট আগে দেখিনি। ডিলার পয়েন্টে গিয়ে দেখি এক বস্তাও সার নেই। দোকানেও একই অবস্থা। সার না পেলে বীজ বপনে বড় সমস্যায় পড়ব, উৎপাদনও কমে যাবে। সরকার দ্রুত ব্যবস্থা নেবে এই আশা করছি।
ডিলাররা দাবি করছেন, কেন্দ্রীয় বরাদ্দ কম হওয়ায় তারা চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে পারছেন না। বরাদ্দ স্বাভাবিক হলে সঙ্কট কাটবে বলে জানান তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে ঘাটতি তৈরি হয়েছে। সঙ্কট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বলেন, চরভদ্রাসনে টিএসপি সারের কিছুটা সঙ্কট রয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুত নতুন বরাদ্দ আসবে বলে আশা করছি।



