ক্রীড়া ডেস্ক
লন্ডন ম্যারাথনের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় লিখেছেন সেবাস্তিয়ান সাওয়ে। কেনিয়ার এই ৩০ বছর বয়সী দৌড়বিদ প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যারাথনে দুই ঘণ্টার বাধা ভেঙে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে ফিনিশ করে বিশ্ব ক্রীড়াঙ্গনকে বিস্মিত করেছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন প্রয়াত কেলভিন কিপটামের ২০২৩ সালে গড়া ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডের বিশ্বরেকর্ড।
এর আগে ২০১৯ সালে এলিউড কিপচোগে ভিয়েনায় নিয়ন্ত্রিত পরিবেশে দুই ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করলেও সেটি আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি। ফলে সাওয়ের এই কীর্তি প্রতিযোগিতামূলক ম্যারাথনে প্রথম ‘সাব-টু’ হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেছে।
দৌড়ের শুরু থেকেই সাওয়ে ছিলেন বিশ্বরেকর্ড গতিতে। হাফওয়ে অতিক্রম করেন এক ঘণ্টা ২৯ সেকেন্ড সময় নিয়ে, যা তাকে রেকর্ড ভাঙার পথে এগিয়ে রাখে। শেষ ১০ কিলোমিটারের আগে তিনি গতি বাড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন। তার সাথে এই আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে পেরেছিলেন কেবল অভিষেক হওয়া ইয়োমিফ কেজেলচা। কেজেলচাও ইতিহাস গড়েন, এক ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে। তৃতীয় স্থান অর্জন করেন উগান্ডার জ্যাকব কিপলিমু, যিনি দুই ঘণ্টা ২৮ সেকেন্ডে সময়ে নিয়ে শেষ করে কিপতুমের পুরনো রেকর্ডকেও ছাড়িয়ে যান। ফলে এই দৌড়ে শীর্ষ তিনজনই পূর্ববর্তী বিশ্বরেকর্ডের থেকে দ্রুত সময়ে ম্যারাথন শেষ করেন। যা ম্যারাথনের ইতিহাসে বিরল ঘটনা।
নারী বিভাগেও হয়েছে রেকর্ড। ইথিওপিয়ার টিগস্ট আসেফা ২:১৫:৪১ সময় নিয়ে নিজের গড়া নারী-শুধু বিভাগের বিশ্বরেকর্ড উন্নত করে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছেন। তিনি কেনিয়ার হেলেন ওবিরি ও জোসেলিনকে পেছনে ফেলেন।



