আড়াইহাজারে ডাকাতি এসি ল্যান্ডসহ আহত ৬

Printed Edition

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে দুই লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সাথে রাস্তার পাশে বসে গল্প করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়াকে (৩৩) গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত কেটে পড়ে।

আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।