ছায়ানটে হামলা গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী : ফারুকী

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, ওই হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার বিষয়ে সরকার ‘কাজ করছে’।

শুক্রবার এক বিবৃতিতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শরিফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে জাতি আজ শোকার্ত। এই জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণীর হঠকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এ হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে।

হাদির মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধই নয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনারও পরিপন্থী। ‘গণতান্ত্রিক রূপান্তরের এই সময়ে সব হঠকারিতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেছেন, ছায়ানট ভবনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে এ বিষয়ে যা যা করণীয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তা করবে।