সিলেট ব্যুরো ও বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ৫৩ জনকে পুশইন করল বিএসএফ ।
এর আগের দিন বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৬৬ জন ও সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৬ জনকে পুশইন করে বিএসএফ। এ নিয়ে বুধ ও বৃহস্পতিবার মোট ৯৭ জনকে পুশইন করল বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজারের নওয়াগ্রাম সীমান্ত এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালান ৫২ বিজিবির নওয়াগ্রাম বিওপি সদস্যরা। এ সময় ভারত থেকে পুশইন করা ২১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আটটি শিশু, পাঁচজন পুরুষ ও আটজন নারী।
আটকৃতরা হলেন- কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ (২০), ওমর শেখ (দুই মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), কালিয়া উপজেলার জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (দুই মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), গোপালগঞ্জের আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।
তাদের অস্থায়ীভাবে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরবর্তী সময়ে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তানান্তর করে বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন।
এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। তাদের মধ্যে নড়াইল ও টুঙ্গিপাড়ার বাসিন্দা আছেন, ভারতে দিনমজুরের কাজ করতেন। সেখানকার পুলিশ তাদের আটক করে পরে বিভিন্নভাবে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ উজ্জামান বলেন, আটককৃত ২১ জনকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


